
মুম্বই, ১৮ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের বিড় জেলায় রবিবার দুপুরে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যাত্রিবাহী একটি এসটি (রাজ্য পরিবহন নিগম) বাস এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচ সদস্যের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় অত্যন্ত গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও একজনকে। বিড় জেলার মাজলগাঁও তহসিলের অন্তর্গত খামগাঁও-পন্ধরপুর জাতীয় সড়কে, শিনডেওয়াড়ি ফাটা এলাকায় এক পেট্রল পাম্পের সামনে রবিবার দুপুরবেলা এই মর্মান্তিক বিপত্তি ঘটে। ঘটনার পরপরই মাজলগাঁও গ্রামীণ থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে, মাজলগাঁওয়ের বাসিন্দা গজানন রামদাসের পরিবারের মোট ছয়জন সদস্য ওই গাড়িটিতে চেপে তুলজাপুরে দেবী দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে শিনডেওয়াড়ি ফাটার কাছে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা রাজ্য পরিবহন নিগমের একটি বাসের সঙ্গে সরাসরি ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং গজানন রামদাস-সহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাড়িতে থাকা একমাত্র জীবিত ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাজলগাঁও গ্রামীণ থানার পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রাজপথ থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। নিয়ন্ত্রণের অভাব না কি অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে মামলা রুজু করে পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি