
শ্রীনগর, ১৭ অক্টোবর (হি.স.): ভূস্বর্গেও দুর্গোৎসবের আনন্দ ও ভক্তিময় পরিবেশ। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের গণিখান স্থিত শ্রী সনাতন প্রতাপ সভা চত্বরে ভক্তি ও শ্রদ্ধার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব ২০২৬’। এই উৎসবের আয়োজন করেছে ‘বাঙালি স্বর্ণ শিল্পী বৃন্দ’। উপত্যকায় বসবাসকারী বাঙালি এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুজো প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। বাঙালি সংস্কৃতি, সনাতন আচার-অনুষ্ঠান এবং সম্প্রীতির মেলবন্ধনে সেখানে এক অনন্য উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। দেবীর চরণে অঞ্জলি নিবেদন ও প্রার্থনার জন্য মণ্ডপে ভিড় জমাচ্ছেন ভক্তরা। দীর্ঘদিনের ঐতিহ্য মেনে ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি এবং আরতির মধ্য দিয়ে দেবীর আরাধনা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ