
কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): দুর্গাপুজোর আবহে বঙ্গ সফরে এসে সপ্তমীর সকালে কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি কালীঘাট মন্দিরে পৌঁছন এবং গর্ভগৃহে গিয়ে মা কালীর চরণে অঞ্জলি দিয়ে বিশেষ পূজার্চনা সারেন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মন্দিরে উপস্থিত সেবায়েত ও পুরোহিতরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুজো সম্পন্ন করান। পুজো শেষে তাঁর গলায় উত্তরীয় ও প্রসাদী মালা পরিয়ে দেওয়া হয় এবং প্রসাদ তুলে দেওয়া হয় তাঁর হাতে। তিনি করজোড়ে প্রার্থনা করে দেশ ও রাজ্যবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ঘিরে সকাল থেকেই কালীঘাট চত্বরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সাধারণ ভক্তদের পুজো দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হয়েছিল। পুজো শেষে উপস্থিত সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা হন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ