দিল্লিতে বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার, এএপি-কে তীব্র কটাক্ষ
নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে ''সেবা সংকল্প অভিযান''-এর অংশ হিসেবে দিল্লির গোয়েলা ডেয়ারিতে দৈনিক ২০০ টন (টিপিডি) বর্জ্য প্রক্রিয়াকরণ ক্ষমতাসম্পন্ন একটি অত্যাধুনিক বায়োগ্যাস প্ল্যান্
রেখা গুপ্তা


নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে 'সেবা সংকল্প অভিযান'-এর অংশ হিসেবে দিল্লির গোয়েলা ডেয়ারিতে দৈনিক ২০০ টন (টিপিডি) বর্জ্য প্রক্রিয়াকরণ ক্ষমতাসম্পন্ন একটি অত্যাধুনিক বায়োগ্যাস প্ল্যান্টের শুভ উদ্বোধন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দিল্লি পুরনিগমের (এমসিডি) উদ্যোগে এই প্রকল্পের বাস্তবায়ন করা হয়েছে।

সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিরোধী দল আম আদমি পার্টির (এএপি) বিরুদ্ধে তীব্র রাজনৈতিক কটাক্ষ শানান। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের নেতাকর্মীরা গঠনমূলক কাজের বদলে সারাক্ষণ তাঁর ওপর নজরদারি চালানো ও অযথা বিতর্ক সৃষ্টিতেই বেশি ব্যস্ত।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, আমি যখনই কোনও সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাই, তখনই আম আদমি পার্টির কিছু কর্মী সেখানে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা চালায়। তাদের নজর কেবল একটাই—মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন, কী বলছেন, এমনকি কী খাচ্ছেন। আমার সামনে যদি একটি ফাঁকা প্লেটও রাখা থাকে, তবে তারা সেটা নিয়েও অহেতুক মন্তব্য করার সুযোগ খোঁজে। আমি মঞ্চে কিছু করলে কিংবা এক ঢোক জল খেলেও তারা সেটাকে রাজনৈতিক ইস্যু বানাতে মরিয়া হয়ে ওঠে।

তিনি আরও জানান, বিরোধীদের এই ধরনের অপচেষ্টা দিল্লির সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ব্যাহত করতে পারবে না। আবর্জনা ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই বায়োগ্যাস প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande