
কলকাতা, ১৯ অক্টোবর (হি.স.): আগামী এক সপ্তাহে রাজ্যে উল্লেখযোগ্য কোনও আবহাওয়া পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রাজ্যের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী সাত দিনে রাজ্যে বৃষ্টিপাতের অনুকূল কোনও উল্লেখযোগ্য আবহাওয়া ব্যবস্থা নেই। সেই কারণে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দুই অঞ্চলেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। ফলে উৎসবের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তে আবহাওয়া মূলত বৃষ্টিহীন থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও আগামী এক সপ্তাহ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। শহর ও সংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রাজ্যের আবহাওয়ায় বড়সড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই বৃষ্টিহীন আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়