
কলকাতা, ১৯ অক্টোবর (হি স)। দেবী দুর্গা সম্পর্কে বারংবার অবমাননাকর মন্তব্য করার অভিযোগ করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে উত্তর কলকাতার টালা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। তদন্তও শুরু হচ্ছে।
সেলিমের বিরুদ্ধে থানায় ওই অভিযোগ করেছেন বিজেপির মুখপাত্র তথা দলীয় সাহিত্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সপ্তর্ষি চৌধুরী। তাঁর দাবি, দুর্গাপুজো সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ। সোমবার সপ্তর্ষি বলেন, ‘‘মা দুর্গা নিয়ে উনি যে ভাবে একের পর এক মন্তব্য করছেন, তাতে আমাদের হিন্দুদের আঁতে লাগছে। হিন্দু সম্প্রদায় নিয়ে উনি যা যা বলছেন, তাতে আমরা মর্মাহত। মা দুর্গা নিয়ে উনি যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদে আমি টালা থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ কী পদক্ষেপ করে, সে দিকে তাকিয়ে আছি।’’
বিজেপি নেতা অবশ্য স্পষ্ট করেননি ঠিক কোন মন্তব্যের প্রেক্ষিতে তিনি সেলিমের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি বলেছেন, সমাজমাধ্যমে একের পর এক ভিডিয়ো দেখে পদক্ষেপ করছেন। তবে ইঙ্গিত করেছেন ‘নবরাত্রি’ মন্তব্যকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত