
কলকাতা, ১৯ অক্টোবর (হি.স.): ঢাকের চেনা কাঠি আর শাঁখের আওয়াজে দুর্গোৎসবের সবচেয়ে কাঙ্ক্ষিত দিন মহাষ্টমী উদযাপিত হচ্ছে রাজ্যজুড়ে। সোমবার সকাল থেকেই শহর থেকে গ্রাম—প্রতিটি মণ্ডপে ও বনেদি বাড়ির ঠাকুরদালানে উপচে পড়েছে ভক্তদের ভিড়। নতুন পোশাকে সেজে দেবী দুর্গার পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করতে সকাল থেকেই মণ্ডপগুলিতে দেখা গেছে মানুষের দীর্ঘ লাইন।
মহাষ্টমীর অন্যতম প্রধান আকর্ষণ কুমারী পূজা। সনাতন রীতি মেনে বেলুড় মঠ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মঠ-মিশন ও বনেদি বাড়িতে দেবীজ্ঞানে কুমারীদের আরাধনা করা হয়। সকাল থেকেই এই পূজাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিপুল উন্মাদনা লক্ষ্য করা গেছে। অষ্টমী ও নবমীর মিলনক্ষণে ১০৮টি প্রদীপ ও ১০৮টি পদ্ম সহযোগে শুরু হবে চামুণ্ডা রূপী দেবীর বিশেষ আরাধনা। দিনভর ভক্তিগীতি, ধুনুচি নাচ আর ঢাকের বোলে উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়েই নির্বিঘ্নে চলছে উৎসবের এই মহালগ্ন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ