
হাওড়া, ১৯ অক্টোবর (হি স)। বামেদের বইয়ের স্টলে হামলার অভিযোগ অব্যাহত। এ বার ঘটনাস্থল হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকা। সোমবার, অষ্টমীর দিন হাওড়ায় চ্যাটার্জিহাট থানার কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রোডের উপর সিপিএমের বইয়ের স্টল ভেঙে তছনছ করে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে জেলার শীর্ষ নেতারা সেখানে যান। অকুস্থলে যায় পুলিশ। তত ক্ষণে স্টল অবশ্য চুরমার।
সিপিএম চ্যাটার্জিহাট থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ, গত কয়েক দিন ধরে নানা অছিলায় তাদের বইয়ের স্টলে গিয়ে আক্রমণে চেষ্টা হচ্ছে। রবিবার রাতে প্রচুর বহিরাগতকে সঙ্গে নিয়ে পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। বাধা দিতে গেলে কয়েক জন সিপিএম কর্মী জখম হন। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে|
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত