
গোরক্ষপুর, ২ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের আম্বেদকর নগর জেলায় গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শুক্রবার ভোরে একটি এসি ভলভো বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের চার যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে এ দিন ভোর সাড়ে ৫টা নাগাদ, জৈতপুর থানার অন্তর্গত এলাকায়। বাসটি দিল্লি থেকে বিহারের দ্বারভাঙার দিকে রওনা দিয়েছিল। গতি এতই বেশি ছিল যে, ট্রাকটির পিছনে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই ভলভো বাসের একটি দিকের বেশ কিছুটা অংশ দুমড়ে মুচড়ে যায়।
ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শুরু হয় উদ্ধারকাজ। বাসের একটি দিক মারাত্মকভাবে দুমড়ে যাওয়ার কারণে ভেতরের যাত্রীরা আটকে পড়েছিলেন। প্রাথমিক ভাবে জানা গেছে, মৃত এবং আহত যাত্রীদের অধিকাংশই বিহারের বাসিন্দা। আহতদের উন্নত চিকিৎসার জন্য সদ্দরপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ