
চেন্নাই, ২ অক্টোবর (হি.স.) : তামিলনাড়ুতে মহিলাদের জন্য সম্প্রসারিত বিনামূল্যে বাসযাত্রা প্রকল্প ‘ভেত্রি পয়ণম’ শুক্রবার থেকে চালু হল। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে চেন্নাইয়ের কোয়াম্বেডু বাস টার্মিনাল থেকে প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। এদিন তিনি ৭৬বি চেন্নাই-কাঞ্চিপুরম বাসে যাত্রা করে মহিলা যাত্রীদের হাতে বিনামূল্যে যাত্রার টিকিট তুলে দেন।
সম্প্রসারিত প্রকল্পের আওতায় মহিলাদের বিনামূল্যে যাত্রার সুবিধা সরকারি বাসের আরও কয়েকটি শ্রেণিতে চালু হয়েছে। এর মধ্যে রয়েছে এক্সপ্রেস, এলএসএস ও ডিলাক্স বাস, শহরাঞ্চলে চলাচলকারী পরিষেবা, দূরপাল্লার সাধারণ বাস এবং ৪০ কিলোমিটারের বেশি দূরত্বের ঘাট রুটে চলাচলকারী সাধারণ বাস।
রাজ্য সরকারের হিসাবে, সম্প্রসারিত প্রকল্পের আওতায় প্রায় ১২ হাজার ৬৯২টি সরকারি বাসকে যুক্ত করা হয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় ৮৪.৩২ লক্ষ মহিলা উপকৃত হবেন বলে অনুমান করা হচ্ছে। পরিবহণ খরচের কারণে যাতে মহিলাদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে যাতায়াত ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই প্রকল্প বলে জানিয়েছে রাজ্য সরকার।
পুরনো প্রকল্পের সম্প্রসারণ
মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রার সুবিধা আগে থেকেই সাধারণ শহুরে বাসে চালু ছিল। নতুন ব্যবস্থায় আরও কয়েকটি শ্রেণির বাসে এই সুবিধা সম্প্রসারিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয় গত ২৪ আগস্ট বিধানসভায় নিয়ম ১১০-এর অধীনে প্রকল্প সম্প্রসারণের ঘোষণা করেছিলেন এবং ২ অক্টোবর থেকে তা চালুর কথা জানিয়েছিলেন।
রাজ্য সরকারের হিসাবে, প্রকল্পটি চালাতে বছরে প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ হতে পারে। এই সুবিধা পেতে মহিলাদের আয়ের সীমা বা প্রতিদিন কতবার যাত্রা করা যাবে, এমন কোনও বিধিনিষেধ থাকবে না।
বাসে উঠে টিকিট বিলি মুখ্যমন্ত্রীর
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কোয়াম্বেডু বাস টার্মিনালে প্রথমে মহাত্মা গান্ধীর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বিজয়। এরপর তিনি চেন্নাই-কাঞ্চিপুরম রুটের ৭৬বি বাসে ওঠেন এবং মহিলা যাত্রীদের বিনামূল্যে যাত্রার টিকিট দেন। টিকিট পাওয়ার পর যাত্রীরা মুখ্যমন্ত্রীকে মিষ্টি খাওয়ান।
সম্প্রসারিত প্রকল্পকে রাজ্যের সাতটি পরিবহণ নিগমের পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে। এর লক্ষ্য মহিলাদের জন্য গণপরিবহণের সুযোগ বাড়ানো এবং যাতায়াতের খরচের বোঝা কমানো।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য