নবমীতে মোহবনিতে বস্ত্র বিতরণ ও অন্নভোগের আয়োজন, উপকৃত প্রায় ১৫০০ মানুষ
কেশপুর, পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর (হি.স.): শারদোৎসবের আনন্দের মধ্যেই মানবসেবার নজির গড়ল পশ্চিম মেদিনীপুরের কেশপুরের শহিদ স্মৃতিবিজড়িত মোহবনি গ্রাম। দুর্গাপুজোর মহা নবমী উপলক্ষে গ্রামে আয়োজন করা হয় বস্ত্র বিতরণ ও অন্নভোগের। স্বর্গীয় কৃষ্ণা ঘ
বস্ত্র বিতরণ


কেশপুর, পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর (হি.স.): শারদোৎসবের আনন্দের মধ্যেই মানবসেবার নজির গড়ল পশ্চিম মেদিনীপুরের কেশপুরের শহিদ স্মৃতিবিজড়িত মোহবনি গ্রাম। দুর্গাপুজোর মহা নবমী উপলক্ষে গ্রামে আয়োজন করা হয় বস্ত্র বিতরণ ও অন্নভোগের। স্বর্গীয় কৃষ্ণা ঘোষালের স্মৃতির উদ্দেশ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করেন তাঁর স্বামী ভোলানাথ ঘোষাল এবং ছেলে সন্দীপ ঘোষাল।

এই অনুষ্ঠানে প্রায় ১৫০০ জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি, প্রায় ১০ হাজার ভক্তের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয়। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ ঘোষাল দীর্ঘ প্রায় ২০ বছর ধরে দুর্গাপুজোর নবমী তিথিতে এই ধরনের মানবসেবামূলক কর্মসূচির আয়োজন করে আসছেন। প্রতি বছরই নতুন বস্ত্র বিতরণের পাশাপাশি মানুষের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয়। এ বছরও ব্যতিক্রম হয়নি। পুজোর আনন্দের সঙ্গে এই উদ্যোগ এলাকার মানুষের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। তাঁদের উপস্থিতিতে বস্ত্র বিতরণ ও অন্নভোগের কর্মসূচি সম্পন্ন হয়। উৎসবের আবহে এই উদ্যোগ মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande