পুরুলিয়ায় পথ দুর্ঘটনা; মৃত এক, আহত ১২
পুরুলিয়া, ২৩ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার গভীর রাতে পুরুলিয়া জেলার আড়শায় মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে গেল একটি গাড়ি। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা এক প্রবীণ ঝুমুর শিল্পীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১২ জন শিল
দুর্ঘটনা


পুরুলিয়া, ২৩ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার গভীর রাতে পুরুলিয়া জেলার আড়শায় মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে গেল একটি গাড়ি। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা এক প্রবীণ ঝুমুর শিল্পীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১২ জন শিল্পী। বৃহস্পতিবার গভীর রাতে পুরুলিয়া জেলার আড়শা থানার সেনবনা মোড়ের কাছে আড়শা–পুরুলিয়া রাজ্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ঝুমুর শিল্পীর নাম দেবচরণ মাহাতো (৫৫)। তাঁর বাড়ি পুরুলিয়া জেলার আড়শা থানার হেঁটজাড়ি গ্রামে। জানা গিয়েছে, পুরুলিয়ার পরিচিত ঝুমুর শিল্পী ভোলানাথ মাহাতোর দল বৃহস্পতিবার কেন্দা থানার চিপিদা গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে একটি গাড়িতে চেপে রাতেই সকলে বাড়ি ফিরছিলেন। ওই গাড়িতে দলপতি ভোলানাথ মাহাতো-সহ মোট ১৩ জন শিল্পী ছিলেন। ফেরার পথেই আড়শা থানার সেনবনা মোড়ের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারানোর ফলেই গাড়িটি রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে থাকা শিল্পীরা গুরুতর আহত হন। এই চরম বিপদের মধ্যেও আহত এক শিল্পী মোবাইল ফোনে নিকটবর্তী গ্রামের এক পরিচিতকে ফোন করে পুরো বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দেবচরণ মাহাতোকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ১২ জন শিল্পী আহত অবস্থায় বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল— যান্ত্রিক ত্রুটি, চালকের ক্লান্তি নাকি অতিরিক্ত গতি; তা খতিয়ে দেখছে পুলিশ। এই আকস্মিক দুর্ঘটনায় শিল্পীমহলে নেমে এসেছে শোকের ছায়া।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande