খাটুশ্যামজির দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনা; রাজস্থানে খাদে গাড়ি উল্টে মৃত ৪ বন্ধু, গুরুতর আহত ২
জয়পুর, ২৩ অক্টোবর (হি.স.): রাজস্থানে খাটুশ্যামজির মন্দিরে দর্শন সেরে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল উত্তর প্রদেশের আগ্রার চার যুবকের। শুক্রবার ভোরে দৌসা জেলার রায়সর থানা এলাকায় গাড়ির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড
খাটুশ্যামজির দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনা; রাজস্থানে খাদে গাড়ি উল্টে মৃত ৪ বন্ধু, গুরুতর আহত ২


জয়পুর, ২৩ অক্টোবর (হি.স.): রাজস্থানে খাটুশ্যামজির মন্দিরে দর্শন সেরে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল উত্তর প্রদেশের আগ্রার চার যুবকের। শুক্রবার ভোরে দৌসা জেলার রায়সর থানা এলাকায় গাড়ির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের নিমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল প্রায় ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটি দ্রুতগতিতে যাচ্ছিল। সেই সময় আচমকা একটি টায়ার ফেটে যায়। চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পারায় সেটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। গাড়িতে থাকা ছয় যুবকের মধ্যে চারজনের মৃত্যু হয়।

মৃতদের নাম অতুল, মুকুল, রূপেশ ও শিবা। গুরুতর আহত হয়েছেন রাহুল ও অর্পিত। তাঁরা প্রত্যেকেই উত্তর প্রদেশের আগ্রার বাসিন্দা। খাটুশ্যামজি মন্দিরে পুজো দিয়ে গাড়িতে করে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।

রায়সর এলাকার সার্কেল অফিসার রামকিশন বিষ্ণোই জানান, শুক্রবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করে। গাড়িটি খাদে পড়ে যাওয়ায় উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় জমে যায়।

দুর্ঘটনার জেরে জাতীয় সড়কেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। প্রাথমিক ভাবে টায়ার ফেটে যাওয়াকেই গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ বলে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি তদন্তের পরই স্পষ্ট হবে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande