
উত্তর ২৪ পরগনা, ২৩ অক্টোবর (হি.স.) : উত্তর ২৪ পরগনার বাগুইআটির আটঘড়া পূর্বপাড়া এলাকায় শুক্রবার দুপুরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল তীব্র আতঙ্ক। ভয়াবহ অগ্নিকাণ্ডে একের পর এক অন্তত ২০ থেকে ২৫টি ঝুপড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টে ৩০ মিনিট নাগাদ বিকট শব্দে একটি রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। সিলিন্ডার ফেটে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঝুপড়িগুলিতে ছড়িয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।ঘটনার খবর পেয়েই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রাজারহাট-নিউ টাউন কেন্দ্রের স্থানীয় বিধায়ক পীযূষ কানোরিয়া। তিনি দমকল কর্মীদের সঙ্গে কথা বলেন এবং উদ্ধারকাজের খোঁজখবর নেন। তবে বিধায়ককে এলাকায় দেখতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ বাসিন্দারা অভিযোগ জানান, এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা এই প্রথম নয়, আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ফলে গৃহহীন হতে হয়েছে তাঁদের। স্থানীয়দের অভিযোগ কার্যত মেনে নিয়ে বিধায়ক জানান, দীর্ঘদিন ধরেই এই ঝুপড়ি এলাকাটি খালি করার কথা আলোচনা চলছে, কিন্তু নানা কারণে তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি।শেষ পাওয়া খবরে, দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ অব্যাহত রয়েছে। প্রাথমিক ক্ষয়ক্ষতির অনুমান করা হলেও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছেন দমকল ও স্থানীয় থানার তদন্তকারীরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি