
হুগলি, ২৩ অক্টোবর (হি.স.) উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে ৭৫ বছর বয়সি এক রোগী নিখোঁজ হওয়ার অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় কীভাবে একজন রোগী নিখোঁজ হয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। খবর পেয়ে তদন্তে হাসপাতালে আসে উত্তরপাড়া থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, উত্তরপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন্তোষ দাস (৭৫) অসুস্থ হয়ে পড়ায় দশমীর দিন সকালে তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল।
পরিবারের দাবি, শুক্রবার সকালে হাসপাতাল থেকে তাঁদের ফোন করে আসতে বলা হয়। পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছলে তাঁদের জানানো হয়, সন্তোষ দাসকে হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর সকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে সন্ধ্যায় ফের হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় চরম উদ্বেগের মধ্যে রয়েছেন তাঁরা।
রোগীর ছোট ছেলে বরুণ দাস প্রশ্ন তোলেন, “চিকিৎসা চলাকালীন একজন রোগী কীভাবে হাসপাতাল থেকে বেরিয়ে যান? হাসপাতালের নজরদারির মধ্যে থেকেও কীভাবে তিনি নিখোঁজ হয়ে গেলেন?”
পরিবারের পক্ষ থেকে উত্তরপাড়া থানায় বিষয়টি জানানো হয়েছে। ঘটনার তদন্তে হাসপাতালে পৌঁছে খোঁজখবর নেয় পুলিশ। তবে কীভাবে ওই রোগী নিখোঁজ হলেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
অন্যদিকে, এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিখোঁজ রোগীর সন্ধান পেতে এখন উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা