
আগরতলা, ২৩ অক্টোবর (হি.স.) : রাজধানী আগরতলার ব্যস্ত রাজপথে বিশাল আকৃতির একটি অজগরকে ঘিরে শুক্রবার চাঞ্চল্যের সৃষ্টি হয়। শহরের প্রাণকেন্দ্র বিদুর কর্তা চৌমুহনী এলাকায় মূল রাস্তার পাশে অজগর দেখতে পান কয়েকজন। রাস্তার পাশের কভার ড্রেনে ঢোকার পথ খুঁজছিল অজগরটি। জনবহুল এলাকায় দিনের বেলায় এমন বিশাল আকৃতির সাপের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, অজগরটি মূল রাজপথের পাশেই ঘোরাফেরা করছিল। দুর্গাপুজো পরবর্তী সময়ে লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের যাতায়াত ও বাজারহাটে ব্যস্ততা থাকলেও প্রথমদিকে অনেক পথচারীর নজরে বিষয়টি পড়েনি। পরে সাপটিকে দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যস্ত রাস্তার পাশে অজগরটি থাকায় যেকোনও সময় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা দেখা দেয়।
এদিকে, প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, একটি গাড়ির মধ্যেই আশ্রয় নিয়েছিল অজগরটি। তাঁদের অনুমান, গাড়ির ইঞ্জিনের তাপে অতিষ্ঠ হয়ে সাপটি বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। এরপর সেটি রাস্তার পাশে কভার ড্রেনে ঢোকার পথ খুঁজছিল। তবে অজগরটি সত্যিই গাড়ির ভিতরে ছিল কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পুলিশের পক্ষ থেকে বন দফতরের কর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এসে অজগরটিকে উদ্ধার করেন। পরে সাপটিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। বনকর্মীদের তৎপরতায় সম্ভাব্য বিপদের আশঙ্কা দূর হওয়ায় স্বস্তি ফিরে আসে এলাকায়।
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকায় এভাবে বিশাল আকৃতির অজগর সাপের উপস্থিতি স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে শহরের ব্যস্ত রাস্তায় এমন ঘটনা ঘটলে পথচারী ও যানবাহন চালকদের সতর্ক থাকা জরুরি বলে মনে করছেন অনেকে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ