
হায়দরাবাদ, ২৩ অক্টোবর (হি.স.): তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার সারকা ল্যাবরেটরিজ লিমিটেড নামে একটি ফার্মাসিউটিক্যাল ইউনিটে শুক্রবার ভোরে গ্যাস লিক করে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। জিন্নারাম মণ্ডলের গাড্ডাপোথারাম এলাকায় সারকা শিল্প ইউনিটে দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলেন সুদর্শন ও বালাজি। উভয়ই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার পর ওই শিল্প এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসপি পারিতোষ পঙ্কজ জানিয়েছেন, কী কারণে গ্যাস লিক হলো তা খতিয়ে দেখার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ও কারখানা কর্তৃপক্ষের তরফে গৃহীত সুরক্ষামূলক পদক্ষেপগুলিও খতিয়ে দেখা হবে তদন্তে।
এই দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবার এবং শ্রমিক ইউনিয়নগুলি পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী টি. হরিশ রাও। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে ক্ষতিপূরণ পায়, সেই দাবিও জানিয়েছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ