
গোসাবা, ২৪ অক্টোবর (হি. স.): গোসাবার বিদ্যাধরী নদীতে যাত্রী বোঝাই খেয়া নৌকায় দুর্ঘটনায় আতঙ্ক ছড়ায় শুক্রবার বিকেলে। ভাটার সময় মাঝ নদীতে খেয়া নৌকা চড়ে ধাক্কা লেগে বিপত্তি ঘটে। নৌকা থেকে নদীতে পড়ে যান একাধিক যাত্রী। জলে পড়ে যায় তাঁদের সঙ্গে থাকা জিনিসপত্রও। তবে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান যাত্রীরা। সহ যাত্রীরা তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করেন। দুর্ঘটনায় এক শিশু নদীতে পড়ে গেলে তাকেও উদ্ধার করা হয়। অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য ক্যানিং হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবা থেকে গদখালির দিকে যাত্রীবোঝাই করে যাচ্ছিল ওই খেয়া নৌকাটি। নদীতে ভাটা থাকায় জলের গভীরতা কমে গিয়েছিল। সেই সময় মাঝ নদীতে চড়ে ধাক্কা লাগে নৌকাটির। আচমকা ধাক্কায় ভারসাম্য হারিয়ে কাত হয়ে যায় নৌকাটি। নৌকা থেকে নদীতে পড়ে যান বেশ কয়েকজন যাত্রী। আচমকা এই ঘটনায় নৌকার যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনার তদন্তে নামে গোসাবা থানার পুলিশ। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, খেয়া নৌকায় অতিরিক্ত যাত্রী ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা