
হুগলি, ২৪ অক্টোবর (হি.স.): আগামীকাল পবিত্র কোজাগরী লক্ষ্মীপুজো। বাড়ির পুজোর প্রস্তুতিতে শনিবার চুঁচুড়ার রবীন্দ্রনগর বাজারে সহধর্মিণীকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে হাজির হলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। বাড়ির পুজোর জন্য নিজের হাতেই পুজোর প্রয়োজনীয় উপকরণ কিনতে দেখা গেল তাঁকে। আর বিধায়ককে বাজারে এভাবে কেনাকাটা করতে দেখে তাঁকে ঘিরে রীতিমতো ভিড় জমালেন সাধারণ মানুষ।
লক্ষ্মীপুজোর আগে বাজারে কেনাকাটার ব্যস্ততার মধ্যেই বিধায়কের উপস্থিতি নজর কাড়ে। সাধারণ মানুষের সঙ্গে বাজারের মধ্যে সময় কাটানোর পাশাপাশি নিজের বাড়ির পুজোর সামগ্রী কেনাকাটায় ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে।
এদিন মা লক্ষ্মীর কাছে সকলের মঙ্গল কামনা করে সুবীর নাগ প্রার্থনা জানান, মা লক্ষ্মীর আশীর্বাদে সকলের ঘরে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল বিরাজ করুক। সকলের জীবন ভরে উঠুক আনন্দ ও আশীর্বাদে।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা