
কাকদ্বীপ, ২৪ অক্টোবর (হি.স.): আগামী বছরের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে একাধিক উন্নয়নমূলক ঘোষণা করেন তিনি। এদিন ১ লক্ষ ২৪ হাজার নাগরিকের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেওয়া হয়।
এ দিন কর্মসংস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে ১১ হাজার পুলিশকর্মীকে নিয়োগ করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে এক লক্ষ চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, “মেধা অনুযায়ী চাকরি হবে। যোগ্যতা অনুযায়ী চাকরি হবে।” এই ঘোষণায় চাকরিপ্রার্থীদের মধ্যে প্রত্যাশা বেড়েছে।
মুড়িগঙ্গার উপর সেতু নির্মাণের সময়সীমা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, ২০২৯ সালে সেতুটির উদ্বোধন করা হবে। সেতু তৈরি হলে গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বাল্যবিবাহ রুখতে ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে না দেওয়ার আবেদন জানান তিনি। ছাত্রীদের আর্থিক সহায়তা হিসেবে তিন বছরে মোট ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, প্রথম দুই বছর ১৭ হাজার টাকা করে এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা দেওয়া হবে।
এছাড়া নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর শংসাপত্র দ্রুত প্রদানের জন্য জেলাশাসক ও মহকুমাশাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কাকদ্বীপকে জেলা হিসেবে গড়ে তোলা, সুন্দরবনকে মডেল এলাকা হিসেবে উন্নত করা এবং দ্বীপগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা জোরদার করার পরিকল্পনার কথাও জানান তিনি। এখন নজর ঘোষণাগুলির বাস্তবায়নের দিকে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়