
ক্যানিং, ২৪ অক্টোবর (হি. স.): ক্যানিংয়ের তালদিতে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযোগ শুক্রবার রাতে আচমকাই এই দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন সিপিএম নেতৃত্ব। নাম না করলেও বিজেপির বিরুদ্ধেই অভিযোগ সিপিএম নেতৃত্বর।
অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গতকাল রাতে কে বা কারা পার্টি অফিসের তালা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। নাম না করলেও সিপিএম নেতৃত্বর অভিযোগ, দূর্গা পুজোয় যারা আমাদের বইয়ের স্টল ভেঙেছে, শান্ত এলাকায় অশান্তি ছড়িয়েছে এই ঘটনার পিছনে তাদেরই হাত রয়েছে।
যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি সংলাপ সাহা বলেন, যতদূর জানি ওই পার্টি অফিসে বেআইনি কাজকর্ম হতো। তাই এলাকার মানুষ ভাঙচুর করেছে। এর সাথে বিজেপির কোন যোগ নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা