
বিশাখাপত্তনম, ২৪ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত পাঁচজন। শনিবার এই জেলার একটি রাস্তা নির্মাণস্থলে দাঁড়িয়ে থাকা তিনটি জিপে হঠাৎ আগুন ধরে গেলে জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।
আল্লুরি সীতারাম রাজু জেলার পুলিশ সুপার (এসপি) অমিত বরদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে সংশ্লিষ্ট গাড়িগুলিতে বড় তেলের টিন বহন করা হচ্ছিল। সেই সময় একটি জিপ থেকে তেল চুইয়ে মাটিতে পড়ে যায়। কোনোভাবে ঘর্ষণ বা স্ফুলিঙ্গ তৈরি হওয়ায় ছড়িয়ে পড়া তেলে দ্রুত আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা পাশে থাকা অন্য দুটি জিপেও ছড়িয়ে পড়ে।
কিছুক্ষণের মধ্যেই তিনটি গাড়িই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং অগ্নিদগ্ধ হন তিনজন। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চালানো হচ্ছে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ