
নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): বিশ্ব পোলিও দিবস উপলক্ষে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিটি শিশুর টিকাকরণ সুনিশ্চিত করার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি মনে করিয়ে দেন, ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ভারতকে আনুষ্ঠানিকভাবে ‘পোলিও মুক্ত’ দেশের স্বীকৃতি দিয়েছে, যা সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ও টিকাকরণে দেশের দৃঢ় অঙ্গীকারের এক উজ্জ্বল প্রমাণ।
নাড্ডা উল্লেখ করেন, দেশকে পোলিও মুক্ত রাখার এই সাফল্য বজায় রাখতে লাগাতার সতর্কতা প্রয়োজন। পাঁচ বছর বা তার কম বয়সি প্রতিটি শিশুর কাছে যাতে সময়মতো পোলিও প্রতিষেধক পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেন।
স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, পোলিওর বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে একটি শিশুও যেন টিকাকরণ থেকে বাদ না পড়ে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ পক্ষাঘাত ও পোলিওর প্রকোপ থেকে সুরক্ষিত রাখতে প্রতিটি অভিভাবক এবং স্বাস্থ্যকর্মীকে আরও বেশি দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ