
নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): রবিবার উত্তর প্রদেশ ও ওড়িশা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীতে একটি নতুন বস্ত্র উৎপাদন কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি ভারতীয় বায়ুসেনার বিশেষ আকাশ-প্রদর্শনী প্রত্যক্ষ করবেন তিনি। পরে ভুবনেশ্বরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) নবনির্মিত তথ্যকেন্দ্র এবং সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দফতর শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার সকাল ১১টা নাগাদ বারাণসীতে অরবিন্দ লিমিটেডের নতুন বস্ত্র উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করবেন মোদী। এরপর দুপুর ১টা নাগাদ নমো ঘাটে আয়োজিত বায়ুসেনা দিবসের আকাশ-প্রদর্শনী ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
বারাণসীতে গড়ে ওঠা নতুন উৎপাদন কেন্দ্রটি দেশের বস্ত্র ও পোশাক শিল্পকে আরও শক্তিশালী করার পাশাপাশি ওই অঞ্চলের শিল্পোন্নয়নে সহায়তা করবে। আধুনিক উৎপাদন পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি এই কেন্দ্রে বিশেষত মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এখানে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। প্রকল্পটির মাধ্যমে মহিলা-নেতৃত্বাধীন উন্নয়নকে উৎসাহিত করার পাশাপাশি বারাণসীকে আন্তর্জাতিক বস্ত্র উৎপাদন ও বিপণন ব্যবস্থার সঙ্গে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এদিকে, বারাণসীর আকাশে আয়োজিত প্রদর্শনীটি ভারতীয় বায়ুসেনার ৯৪ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে। ‘গঙ্গার উপর দিয়ে উড়ান’—এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে তেজস, হালকা যুদ্ধ হেলিকপ্টার প্রচণ্ড, সুখোই-৩০ এমকেআই এবং রাফাল-সহ বিভিন্ন যুদ্ধবিমান অংশ নেবে। পরিবহণ বিমানের পাশাপাশি ভারতীয় নৌবাহিনী ও স্থলবাহিনীর বিমানও এই প্রদর্শনীতে অংশ নেবে। এর মাধ্যমে তিন বাহিনীর মধ্যে সমন্বিত পরিচালন ক্ষমতা তুলে ধরা হবে।
অনুষ্ঠানে বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোবেটিক দল এবং সারং হেলিকপ্টার প্রদর্শনী দলও আকাশে নানা কৌশল প্রদর্শন করবে। বিমানের নিখুঁত উড়ান, পারস্পরিক সমন্বয় এবং পরিচালন দক্ষতার নানা দিক এই অনুষ্ঠানে তুলে ধরা হবে।
বারাণসীর কর্মসূচি শেষ করে রবিবার বিকেলে ওড়িশার ভুবনেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ সেখানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নতুন তথ্যকেন্দ্র এবং সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশেও ভাষণ দেবেন মোদী।
আরবিআইয়ের নতুন তথ্যকেন্দ্রটি ব্যাঙ্কের কম্পিউটিং সংক্রান্ত চাহিদা পূরণের পাশাপাশি দেশের আর্থিক ক্ষেত্রের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য এবং ভবিষ্যতের চাহিদার উপযোগী ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলবে। এই কেন্দ্রে চারটি অত্যাধুনিক ডেটা সেন্টার তৈরি করা হয়েছে। সেখান থেকে অর্থপ্রদান ও নিষ্পত্তি ব্যবস্থা-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা পরিচালিত হবে।
প্রতিষ্ঠানটি আপটাইম ইনস্টিটিউটের টিয়ার-৪ মানের শংসাপত্র পেয়েছে। তথ্যকেন্দ্রের পরিকাঠামোগত নির্ভরযোগ্যতা ও পরিচালন ক্ষমতার ক্ষেত্রে এই মানকে সর্বোচ্চ স্তরের স্বীকৃতিগুলির অন্যতম বলে গণ্য করা হয়। এর ফলে ডিজিটাল আর্থিক পরিষেবার পরিধি, দক্ষতা এবং নির্ভরযোগ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, ভুবনেশ্বরে গড়ে ওঠা সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা এবং বিমা ক্ষেত্রের প্রযুক্তিগত দক্ষতা ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধি করা। এখানে প্রশিক্ষণ, গবেষণা এবং দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে। কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি নিয়েও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য