ক্যানিংয়ে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর, অভিযোগ শওকত-অনুগামীদের বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়
জীবনতলা , ২৫ অক্টোবর (হি.স.) : ফের উত্তপ্ত ক্যানিং পূর্ব। হিন্দু জাগরণ মঞ্চের এক সক্রিয় কর্মীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আকাশ দাস নাম
ক্যানিংয়ে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর, অভিযোগ শওকত-অনুগামীদের বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়


জীবনতলা , ২৫ অক্টোবর (হি.স.) : ফের উত্তপ্ত ক্যানিং পূর্ব। হিন্দু জাগরণ মঞ্চের এক সক্রিয় কর্মীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আকাশ দাস নামে ওই যুবক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আকাশের বাড়ি ক্যানিং পূর্ব বিধানসভার আঠারোবাঁকি গ্রাম পঞ্চায়েতের পূর্ব দাহারানি দাস পাড়া গ্রামে। তিনি হিন্দু জাগরণ মঞ্চের সক্রিয় কর্মী হিসাবেই এলাকায় পরিচিত। অভিযোগ, শনিবার মধ্যরাতে শহিদুল সরদারের নেতৃত্বে বেশ কয়েকজন দুষ্কৃতী আকাশকে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। শহিদুল ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লার অনুগামী বলেই পরিচিত। একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে আকাশকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে মাঠেরদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রবিবার ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আকাশ।

এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, শওকাত জেলে থাকলেও তাঁর অনুগামী বাহিনীর দাপট এখনও এলাকায় অব্যাহত। অবিলম্বে অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande