নম্বরপ্লেটহীন গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই কিশোর, গাড়ি নিয়ে পলাতক চালক
আগরতলা, ২৫ অক্টোবর (হি.স.) : প্রাতঃভ্রমণ সেরে রাস্তার পাশে বসে মোবাইল দেখছিল দুই কিশোর। আচমকাই দ্রুতগতিতে ছুটে আসা একটি নম্বরপ্লেটহীন সাদা ইন্ডিকা গাড়ি তাদের ধাক্কা দিয়ে খোয়াইয়ের দিকে পালিয়ে যায়। রবিবার সাতসকালে সিধাই থানাধীন মোহনপুর বাইপাস রো
দুর্ঘটনায় আহতরা হাসপাতালে


আগরতলা, ২৫ অক্টোবর (হি.স.) : প্রাতঃভ্রমণ সেরে রাস্তার পাশে বসে মোবাইল দেখছিল দুই কিশোর। আচমকাই দ্রুতগতিতে ছুটে আসা একটি নম্বরপ্লেটহীন সাদা ইন্ডিকা গাড়ি তাদের ধাক্কা দিয়ে খোয়াইয়ের দিকে পালিয়ে যায়। রবিবার সাতসকালে সিধাই থানাধীন মোহনপুর বাইপাস রোডের তারাপুর কালীমন্দিরের সামনে এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই কিশোর| দুজনেই স্কুলপড়ুয়া, সম্পর্কে তারা কাকা-ভাইপো। আহতদের নাম প্রণব তাঁতি ও বিশাল তাঁতি। বর্তমানে দু’জনই আগরতলায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, তারাপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণির ছাত্র প্রণব তাঁতি রবিবার সকালে তারই নিকট আত্মীয় তথা ষষ্ঠ শ্রেণির ছাত্র বিশাল তাঁতিকে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিল। প্রাতঃভ্রমণ শেষে মোহনপুর বাইপাস রোডের তারাপুর কালীমন্দিরের সামনে রাস্তার পাশে বসে মোবাইল দেখছিল তারা। সেই সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি সাদা রঙের ইন্ডিকা গাড়ি মূল সড়ক থেকে প্রায় ছয় ফুট দূরে এসে দু’জনকে সজোরে ধাক্কা দেয় বলে অভিযোগ।

গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর জখম হয় দুই কিশোর। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই গাড়িটি খোয়াইয়ের দিকে দ্রুতগতিতে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা আহত দুই কিশোরকে উদ্ধার করে মোহনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিন জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত প্রণব তাঁতির পিতা দুর্ঘটনার কথা জানান। তাঁর অভিযোগ, যে সাদা রঙের ইন্ডিকা গাড়িটি দুই কিশোরকে ধাক্কা দেয়, সেটির কোনও নম্বরপ্লেট ছিল না। দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে খোয়াইয়ের দিকে পালিয়ে যায়। ফলে ঘাতক গাড়ির পরিচয় শনাক্ত করা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর মহকুমা হাসপাতালে ছুটে যায় সিধাই থানার পুলিশ। আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন পুলিশকর্মীরা। নম্বরপ্লেটহীন গাড়িটি উদ্ধার এবং চালককে গ্রেফতারের লক্ষ্যে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু হয়েছে।

সকালের নির্মল পরিবেশে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুই স্কুলপড়ুয়ার এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে নম্বরপ্লেটহীন গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে চলাচল এবং দুর্ঘটনার পর চালকের পালিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande