
শান্তিপুর, ২৫ অক্টোবর (হি.স.): সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শান্তিপুরের বামা কালীর নাচ দেখতে প্রতি বছরই ভিড় জমান অসংখ্য মানুষ। তবে এবার ভিড় নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরিবর্তন করা হল বামা কালীর নাচের স্থান। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, বড়বাজার চৌরাস্তার মোড়ের পরিবর্তে প্রায় ৫০০ মিটার দূরে বেজপাড়ার মাঠে দেবীর নাচের আয়োজন করা হবে।
জানা গিয়েছে, দুর্গাপুজোর আগেই বিধায়ক ও পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। সেখানেই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর বড়বাজার ঘাট চৌরাস্তার মোড়ে ভিড়ের কারণে অল্প সময়ের জন্য নাচের আয়োজন করতে হয়েছিল। এবার যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি প্রস্তুতি খতিয়ে দেখতে মন্দির ও নির্ধারিত মাঠ পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকেরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়