
কান্দি, মুর্শিদাবাদ, ২৫ অক্টোবর (হি.স.): দুর্গাপুজোর পরবর্তী চতুর্দশী তিথিতে ঐতিহ্য ও ধর্মীয় আড়ম্বরে উদযাপিত হল মুর্শিদাবাদ জেলার কান্দির অদূরে অবস্থিত শতাব্দীপ্রাচীন দোহালিয়া কালীমন্দিরে মা দক্ষিণাকালীর বাৎসরিক আবির্ভাব উৎসব। রবিবার সকাল থেকেই পুজো দিতে দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগমে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। উৎসবকে কেন্দ্র করে বসেছে কয়েক দিনব্যাপী মেলা।
লোককথা অনুযায়ী, প্রায় এক হাজার বছর আগে সেন রাজাদের আমলে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। কথিত আছে, এক পরিব্রাজক সন্ন্যাসী গভীর জঙ্গলে তপস্যা করার সময় ব্যাঘ্র আকৃতির দক্ষিণাকালীর শিলামূর্তির দর্শন পান। পরবর্তীতে সেখানে মন্দির প্রতিষ্ঠিত হয়।
মন্দিরের পুরোহিত প্রকাশ চ্যাটার্জি জানান, ভোর পাঁচটায় মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর ঢাকের বাদ্য সহযোগে বিশেষ পুজো ও আরতি অনুষ্ঠিত হয়। হোম ও বলিদানের পর সাধারণ ভক্তদের জন্য দর্শনের ব্যবস্থা করা হয়। রাতে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়