
মালদা, ২৫ অক্টোবর (হি.স.): রবিবার গঙ্গার ভাঙন ও বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় এলেন রাজ্যের মুখ্যসচিব। হেলিকপ্টারে এলাকা পরিদর্শনের পর জেলা প্রশাসনিক ভবনে সেচ দফতর-সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। গঙ্গার গতিপথ পরিবর্তন এবং ভাঙন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার উপর জোর দেওয়া হয়েছে।
মুখ্যসচিব জানান, গত ৫০ বছরে গঙ্গা নদী তার মূল গতিপথ থেকে প্রায় ছয় কিলোমিটার সরে গিয়েছে। বর্তমানে গঙ্গা ও ফুলহারের মধ্যে দূরত্ব মাত্র সাড়ে ৭০০ মিটার। আগামী কয়েক বছরে এই দূরত্ব আরও কমে গেলে মালদা, রতুয়া ও মালদা টাউন এলাকায় জল ঢুকে পড়ার পাশাপাশি রেললাইন ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা হবে। ঝাড়খণ্ড ও বিহারের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি জানান। দিল্লিতে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্থের অভাব নেই বলেও আশ্বাস দেন মুখ্যসচিব।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়