রেলপথে গঙ্গাসাগরকে যুক্ত করার আর্জি শুভেন্দুর, সার্ভের জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ
সাঁতরাগাছি, হাওড়া, ২৬ অক্টোবর (হি.স.): গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের যাতায়াত আরও সহজ করতে রেলপথে গঙ্গাসাগরকে যুক্ত করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সাঁতরাগাছি স্টেশন থেকে সাঁতরাগাছি-খাতিপুরা নতুন ট্রেনের ভার্চুয়াল যাত্রার সূচ
শুভেন্দু অধিকারী


সাঁতরাগাছি, হাওড়া, ২৬ অক্টোবর (হি.স.): গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের যাতায়াত আরও সহজ করতে রেলপথে গঙ্গাসাগরকে যুক্ত করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সাঁতরাগাছি স্টেশন থেকে সাঁতরাগাছি-খাতিপুরা নতুন ট্রেনের ভার্চুয়াল যাত্রার সূচনা অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এই আবেদন জানান তিনি। টানেল অথবা সেতুর মাধ্যমে রেলপথ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে সমীক্ষারও অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী জানান, মুড়িগঙ্গার উপর সেতু তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ২০২৯ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। পাশাপাশি, রাজ্যে বিনিয়োগ টানতে ভিনরাজ্যের শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জমি-সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, রাজ্যে নতুন সরকার গঠনের পর রেলের বিভিন্ন প্রকল্পের কাজে গতি এসেছে। চিংড়িঘাটায় আটকে থাকা কাজেও অগ্রগতি হয়েছে বলে তিনি জানান। জামশেদপুর-হাওড়া রেলপথ চার লাইনের করার কাজ চলছে। বেলেঘাটা থেকে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে মেট্রোর ট্রায়াল রানও চলছে বলে জানান তিনি। এদিন কলকাতা-জয়পুর রেল যোগাযোগের উদ্যোগের প্রশংসা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রাজেশ কুমার, রুদ্রনীল ঘোষ-সহ ডিএম পি দীপাপ্রিয়া, হাওড়া পুর কমিশনার তেজস্বী রানা, সাউথ ইস্টার্ন রেলের জিএম অনিল কুমার জৈন প্রমুখ।

গঙ্গাসাগর পর্যন্ত রেলপথের সম্ভাবনা নিয়ে রেল মন্ত্রকের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর থাকবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande