
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, ২৬ অক্টোবর (হি.স.): ইছামতি নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে ফের অভিযান চালাল বসিরহাট পুলিশ। বসিরহাট থানার সোলাদানা এলাকায় পুলিশের এই অভিযানে চারটি বালিবোঝাই নৌকা এবং নদীর ঘাটে মজুত কয়েক হাজার সিএফটি বালি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করার পর তাঁদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইছামতি নদীতে অবৈধভাবে বালি তোলার খবর পেয়ে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার, বসিরহাট থানার পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা এই অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযোগ, সোমবার নদী থেকে বালি তুলে নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছিল। পাশাপাশি নদীর ঘাটে বিপুল পরিমাণ বালি মজুত করা হয়েছিল। পুলিশকর্মীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তদের কয়েকজন পালিয়ে যায়। তবে তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করা সম্ভব হয়। তাঁদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়