
মুর্শিদাবাদ, ২৭ অক্টোবর (হি.স.): গাইঘাটার পর এবার মুর্শিদাবাদের ধুলিয়ান। মঙ্গলবার ভোরের পর দুপুরে ফের এনকাউন্টারের ঘটনা। ধুলিয়ানে খুনে অভিযুক্ত যুবক সামাউন শেখের গায়ে লাগে পুলিশের গুলি। এনকাউন্টারে সেই ঘটনার অন্যতম অভিযুক্ত সামাউন শেখের মৃ্ত্যু হয়েছে বলে খবর। মাস কয়েক আগে সুজিত মণ্ডল নামে বিজেপি নেতাকে কুপিয়ে খুন করার ঘটনায় অভিযোগ উঠেছিল সামাউন শেখের বিরুদ্ধে।
মঙ্গলবার ভোরে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় স্কুলছাত্রীকে ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টারের পর বিকেলে মুর্শিদাবাদের ধুলিয়ানে খুনের অভিযুক্তকে নিকেশ করা হয়েছে বলে জানা গেছে। পুলিশকে তদন্তে বাধা দিয়ে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করায় তাকে এনকাউন্টার করা হয় বলে খবর। মৃতের নাম সামাউন শেখ। মুর্শিদাবাদের ধুলিয়ান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, সুজিত মণ্ডল খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল সামাউনকে। সেখানেই পুলিশের হাত থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে ওই অভিযুক্ত পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। তখনই আত্মরক্ষার্থে সামাউনকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ওই অভিযুক্তের। তাকে স্থানীয় ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে মৃতদেহ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ