
কলকাতা, ২৮ অক্টোবর ( হি. স.) : ‘সমৃদ্ধির জন্য সততা’ - এই বার্তাকে সামনে রেখেই সতর্কতা সচেতনতা সপ্তাহ - ২০২৬ উপলক্ষে পদযাত্রার আয়োজন করল পূর্ব রেলের ভিজিল্যান্স দফতর। বুধবার আয়োজিত এই পদযাত্রার লক্ষ্য ছিল সরকারি পরিষেবায় সততা, স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নৈতিক আচরণের গুরুত্ব তুলে ধরা। সেই লক্ষ্যে সফলতা মিলল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে পদযাত্রার সূচনা করেন। পূর্ব রেলের সদর দফতর থেকে যাত্রা শুরু করে অংশগ্রহণকারীরা নিউ কয়লাঘাটা পর্যন্ত যান। সেখান থেকে ফের সদর দফতরে ফিরে আসে এদিন পদযাত্রাটি। সুশাসন প্রতিষ্ঠা, জনসাধারণের আস্থা অর্জন এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধির জন্য সততা ও নৈতিকতার প্রয়োজনীয়তার বার্তা তুলে ধরা হয়েছে এই কর্মসূচির মাধ্যমেই ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত