
আগরতলা, ২৮ অক্টোবর (হি.স.) : গণবণ্টন ব্যবস্থাকে সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কেন্দ্রীয় খাদ্য গুদাম থেকে রাজ্যের বিভিন্ন রেশন শপে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। গণবণ্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
বুধবার এডিনগরস্থিত কেন্দ্রীয় খাদ্য গুদামে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দফতরের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। গণবণ্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত শ্রমিকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন, শ্রমিকরা হচ্ছেন গণবণ্টন ব্যবস্থার মেরুদণ্ড। তাঁদের নিরলস পরিশ্রমের মাধ্যমে কেন্দ্রীয় খাদ্য গুদাম থেকে রেশনসামগ্রী রাজ্যের বিভিন্ন প্রান্তের রেশন শপগুলিতে বণ্টন করা হয়। এই গোটা প্রক্রিয়ায় শ্রমিকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁদের দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার ফলেই গণবণ্টন ব্যবস্থার মধ্যে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হচ্ছে। পাশাপাশি, উপভোক্তারাও নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের প্রাপ্য রেশনসামগ্রী হাতে পাচ্ছেন।
তিনি আরও বলেন, গণবণ্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত শ্রমিকদের অবদানকে কোনওভাবেই উপেক্ষা করা যায় না। তাঁদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই রাজ্যের সাধারণ মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে। তাই শ্রমিকদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং তাঁদের পাশে থাকা প্রয়োজন।
খাদ্যমন্ত্রী জানান, শ্রমিকরা যাতে দুর্গাপূজার দিনগুলি আনন্দের সঙ্গে অতিবাহিত করতে পারেন, সেই লক্ষ্যেই গত তিন বছর ধরে প্রত্যেক শ্রমিককে ৩ হাজার টাকা করে বোনাস প্রদান করা হচ্ছে। শ্রমিকদের উৎসবের আনন্দে শামিল করা এবং তাঁদের পরিশ্রমের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিজয়া সম্মিলনীর এই আয়োজনের মধ্য দিয়ে খাদ্য দফতর ও গণবণ্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করার বার্তা উঠে আসে। খাদ্যসামগ্রী মজুত, পরিবহণ ও বণ্টনের মতো গুরুত্বপূর্ণ কাজে যুক্ত শ্রমিকদের নিষ্ঠা ও দায়িত্ববোধের ওপরই যে গণবণ্টন ব্যবস্থার সাফল্য অনেকাংশে নির্ভরশীল, তা এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দফতরের অধিকর্তা সুমিত লোধ, দফতরের যুগ্ম অধিকর্তা-সহ অন্যান্য আধিকারিক ও গণবণ্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত শ্রমিকরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ