
মুর্শিদাবাদ, ৩ অক্টোবর (হি. স. ) : নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হলেন সাগরদিঘির ঋতব্রতপন্থী
বিধায়ক বায়রন বিশ্বাস।
শনিবার ধূলিয়ানের বাড়িতে আগুন লেগে যায়। প্রথমে তাঁকে তাঁরই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই খবর।
জানা গিয়েছে, সবরকম ব্যবস্থা করে রাখা হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। আগুন লাগার সময় বায়রন বাড়িতেই ছিলেন। বাড়ির লোকজনই পুলিশ এবং দমকল বিভাগে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছন প্রতিবেশীরা।
বাড়ির সংলগ্ন বিড়ি কারখানা রয়েছে। সেখান থেকে আগুন লেগেছে, নাকি অন্য কিছু ঘটেছে, সেই নিয়ে সংশয় রয়েছে।
তবে যে কালো ধোঁয়া চোখে পড়েছে, যেভাবে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, তাতে বড় ধরনের অগ্নিকাণ্ডই ঘটেছিল বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বায়রনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বাড়ির সামনে ভিড় করেছেন স্থানীয় মানুষজন। কী করে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ এবং প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত