বাঁকুড়া থেকে নিউটাউন, ছাত্রীকে ব্ল্যাকমেল করে যৌন নির্যাতনের অভিযোগ, পুলিশে গ্রেফতার শিক্ষাবিদ
​কলকাতা, ৩ অক্টোবর (হি.স.) :বাঁকুড়া থেকে সটান কলকাতার নিউটাউন পর্যন্ত পিছু নিয়ে এক তরুণীকে ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অবশেষে নিউটাউনের একটি হোটেল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভবপর হয়েছে। একই সঙ্গে ধর্ষণ, ব্ল্যাকমেল
বাঁকুড়া থেকে নিউটাউন, ছাত্রীকে ব্ল্যাকমেল করে যৌন নির্যাতনের অভিযোগ, পুলিশে গ্রেফতার শিক্ষাবিদ


​কলকাতা, ৩ অক্টোবর (হি.স.) :বাঁকুড়া থেকে সটান কলকাতার নিউটাউন পর্যন্ত পিছু নিয়ে এক তরুণীকে ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অবশেষে নিউটাউনের একটি হোটেল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভবপর হয়েছে। একই সঙ্গে ধর্ষণ, ব্ল্যাকমেল এবং প্রাণনাশের হুমকির অভিযোগে অভিযুক্ত শিক্ষক পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। শনিবার এই ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় ইতোমধ্যে ছয় পাতার এফআইআর রিপোর্ট পেশ করা হয়েছে।​ঘটনার বিবরণী থেকে জানা গিয়েছে, নিউটাউনের একটি হোটেল থেকে ছাত্রীকে উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্ত শিক্ষক উলফাত মণ্ডলের বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেইলিং এবং হত্যার হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। গত ২৬ সেপ্টেম্বরের ওই ঘটনার পর অবশেষে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হলো, শুক্রবার পুলিশি তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত শিক্ষক এবং নির্যাতিতা ছাত্রীকে ওই হোটেলে নিয়ে যাওয়া হয় এবং সরেজমিনে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। শনিবার বিষয়টির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ্যে আসতেই নিউটাউন এলাকায় চরম চাপা উত্তেজনা বিরাজ করছে।​এদিকে, পুলিশ সূত্রে খবর, বাঁকুড়ার বাসিন্দা ওই ছাত্রীর লিখিত অভিযোগ— স্কুলে পাঠরত অবস্থায় নাবালিকা থাকা কালীন সময় থেকেই অভিযুক্ত শিক্ষক তাঁর ওপর নিয়মিত যৌন নির্যাতন চালাত। আরও অভিযোগ, ছাত্রীকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে তাঁর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও গোপন কায়দায় তুলে রাখা হয়েছিল। এমনকি বিষয়টি কাউকে জানালে ছাত্রী ও তাঁর বাবা-মাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হতো বলে অভিযোগে জানানো হয়েছে।​পরবর্তী সময়ে নির্যাতিতা কলকাতায় উচ্চশিক্ষার জন্য চলে এলেও অভিযুক্ত শিক্ষক তাকে ক্রমাগত অনুসরণ করে সেখানে পৌঁছে যায়। জোরপূর্বক একাধিকবার তাঁকে নিউটাউনের বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। গত ২৬ সেপ্টেম্বর নিউটাউনের নির্দিষ্ট একটি হোটেলে তাঁকে শেষবারের মতো প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছেন ওই ছাত্রী। তবে সেখান থেকেই অত্যন্ত চতুরতার সঙ্গে তিনি পুলিশকে খবর দিতে সক্ষম হন এবং পরবর্তীতে পুলিশ গিয়ে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে।​অন্যদিকে, অভিযোগকারী আরও জানান যে, অভিযুক্ত শিক্ষক তাঁর বাবার একজন ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি স্থানীয় একটি সরকারি উচ্চমাধ্যমিক স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক পদে কর্মরত। অভিযোগকারী নাবালিকা থাকাকালীন সময় থেকেই এই নির্যাতন শুরু হয়েছিল। বর্তমানে গ্রেফতারের পর অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে আরও কয়েকজন নারীর আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে বলে দাবি উঠে এসেছে। পুরো ঘটনার সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande