
কাটিহার, ৫ অক্টোবর ( হি.স.) : এক আইনজীবীকে গুলি করে হত্যার অভিযোগ উঠলো বিহারের কাটিহারে। ঘটনাটি ঘটেছে প্যাটেল চক সংলগ্ন এলাকায়। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম গুড্ডু আনসারি। সে রোজিতপুরের বাসিন্দা। সে কাটিহার আদালতের আইনজীবী ছিল।
সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গুড্ডু আনসারি প্যাটেল চকের কাছ দিয়ে যাওয়ার সময় সশস্ত্র দুষ্কৃতীরা তাঁর উপর এলোপাথাড়ি গুলি চালায়। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এক আইনজীবীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা এবং পরিবারের সদস্যরা তীব্র ক্ষোভে ফেটে পড়ে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক