
শিলিগুড়ি, ৫ অক্টোবর (হি.স.) : কার্সিয়াং থেকে শিলিগুড়ি ফেরার পথে রবিবার রাতে রোহিনী রোডে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে একটি যাত্রিবাহী চারচাকা গাড়ি রাস্তার পাশের এক গভীর খাদে তলিয়ে যায়। হৃদয়বিদারক এই দুর্ঘটনায় গাড়িতে থাকা ৬ জন আরোহীর মধ্যে ৫ জনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, শিলিগুড়ির বাসিন্দা অভিষেক সাহা নামে এক তরুণ নিখোঁজ ছিলেন। সোমবার ভোরে দীর্ঘ তল্লাশি অভিযানের পর খাদের তলদেশ থেকে অভিষেকের নিথর দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। পুলিশ জানিয়েছে, মৃত তরুণ শিলিগুড়ির ঐতিহ্যবাহী বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপী সাহার পুত্র। মর্মান্তিক এই খবরে সমগ্র বিধান মার্কেট এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাসূত্রে জানা গেছে, রবিবার অভিষেক সাহা তাঁর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে পাহাড় ভ্রমণে গিয়েছিলেন। পাহাড়ি পথ ধরে ফেরার সময় গাড়িটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর থেকেই অভিষেকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে পুলিশ ও উদ্ধারকারী দল কয়েক ঘণ্টার নিরবিচ্ছিন্ন তল্লাশি চালিয়ে সোমবার ভোরে তাঁর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় অন্য পাঁচ বন্ধু গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে, এবং বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
তরুণ ব্যবসায়ী অভিষেকের অকালমৃত্যুর সংবাদ পৌঁছাতেই বিধান মার্কেটের অধিকাংশ ব্যবসায়ী নিজেদের উদ্যোগে দোকানপাট বন্ধ রেখে শোকাহত পিতা বাপী সাহা ও তাঁর পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
তবে এই বিষয়ে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সমিতির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বাজার বন্ধের কোনো আদেশ জারি বা আহ্বান করা হয়নি। ব্যবসায়ীরা সম্পূর্ণ নিজেদের তাগিদে ও সহমর্মিতার খাতিরে স্বেচ্ছায় প্রতিষ্ঠান বন্ধ রেখে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি