
নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.) : ভারত ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাংস্কৃতিক আদান-প্রদানকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিতে সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিনকে ভারতে প্রস্তুত করা বিশেষ মানের তিন ধরণের পনির বা চিজ— ‘গুলমার্গ’, ‘কোণার্ক’ ও ‘ইউর’ উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি সুইজারল্যান্ডের রাষ্ট্রপতিকে কাশ্মীরের ঐতিহ্যবাহী হস্তশিল্পের নিদর্শন হিসেবে আখরোট কাঠের তৈরি হাতে খোদাই করা একটি বিশেষ কাঠের দেওয়াল প্যানেল উপহার দেওয়া হয়েছে।
উপহার হিসেবে দেওয়া পনিরের বিশেষত্ব সম্পর্কে জানা গেছে যে, ‘গুলমার্গ’ হলো ফরাসি শৈলীর একটি নরম ও ক্রিমযুক্ত পনির, যা পাস্তুরিত গরুর দুধ থেকে প্রস্তুত করা হয়। এটি ২০২৬ সালের ‘মুন্ডিয়াল ডু ফ্রমেজ ডু ব্রাজিল’-এ সম্মানজনক ‘সুপার গোল্ড’ পুরস্কার অর্জন করেছিল। অন্যদিকে ‘কোণার্ক’ হলো ফরাসি টোম শৈলীতে তৈরি পনির, যা ২০২৩ সালে নরওয়েতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড চিজ অ্যাওয়ার্ডস’-এ স্বর্ণপদক এবং ২০২৫ সালে সুইজারল্যান্ডে রৌপ্যপদক জয় করেছিল।
তৃতীয় বিশেষ প্রকার ‘ইউর’ হলো একটি পার্বত্য শৈলীর পনির, যা সুইজারল্যান্ডের বিখ্যাত গ্রুইয়ার পনিরের অনুপ্রেরণায় প্রস্তুত করা হয়েছে। এটি প্রায় ৮ থেকে ৯ মাস ধরে পরিপক্ক করা হয়, যার ফলে এতে বাদাম, মিষ্টি এবং প্রাকৃতিক ভেষজের এক অপূর্ব স্বাদ ও গন্ধ তৈরি হয়। গলে যাওয়ার চমৎকার বৈশিষ্ট্যের কারণে ফন্ডু এবং গ্রিল করা বিভিন্ন খাবার তৈরির জন্য এটি বিশেষভাবে ব্যবহৃত হয়।
বিশ্বজুড়ে সুইজারল্যান্ড তাদের বৈচিত্র্যময় পনির উৎপাদনের জন্য সুখ্যাত। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতীয় পনিরের এই তিনটি প্রিমিয়াম বৈচিত্র্য উপহার দেওয়া ভারতের বিকাশমান পনির প্রস্তুত শিল্প ও সমৃদ্ধ দুগ্ধ সংস্কৃতির আন্তর্জাতিক স্বীকৃতির বার্তা বহন করে।
রাষ্ট্রপতি গাই পারমেলিনের পাশাপাশি তাঁর ধর্মপত্নীকেও বিশেষ উপহার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গুজরাটের ঐতিহ্যবাহী হস্তশিল্পের বার্তা বহনকারী একটি ‘কচ্ছ শল’ এবং একটি সূক্ষ্ম ‘সাদেলি বক্স’ উপহার দেওয়া হয় তাঁকে। সুরতের বিখ্যাত সাদেলি বক্স মূলত জ্যামিতিক নকশার সুক্ষ্ম কাজের জন্য সুপরিচিত, অপরদিকে কচ্ছ শল ঐতিহ্যবাহী বুনন ও নিজস্ব অলংকরণের জন্য বিখ্যাত।
সুইজারল্যান্ডের রাষ্ট্রপতিকে প্রদত্ত কাশ্মীরি আখরোট কাঠের দেওয়াল প্যানেলটিতে উপত্যকার গ্রামীণ জীবনধারা, ঐতিহ্যবাহী ল্যান্ডস্কেপ, গাছপালা, মানব অবয়ব ও ঘোড়ার গাড়ি নিখুঁতভাবে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে। এটি কাশ্মীরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কাঠ খোদাই শিল্প এবং স্থানীয় কারিগরদের অসাধারণ দক্ষতার পরিচয় দেয়।
PM MODI GIFTS THREE SPECIAL VARIETIES OF INDIAN CHEESE AND KASHMIRI WALNUT PANEL TO SWISS PRESIDENT
হিন্দুস্থান সমাচার / সোনালি