
কলকাতা, ৫ অক্টোবর (হি.স.) : পুজোর ক'দিন কলকাতার রাস্তায় যাতে বাস পরিষেবায় কোনও ঘাটতি না থাকে, সেই লক্ষ্যে বেসরকারি বাসের সংখ্যা বাড়াতে উদ্যোগী হচ্ছে পরিবহণ দফতর।
সরকারি বাসের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বেসরকারি বাসও রাস্তায় রাখার পরিকল্পনা রয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার ময়দান তাঁবুতে বিভিন্ন বাসমালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ।
পুজোর সময়ে বাস চালানোর ক্ষেত্রে মালিকদের কী কী সমস্যা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।
এ বার পঞ্চমী থেকেই
রাতভর সরকারি ও বেসরকারি বাসের পরিষেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে। রাত এবং ভোরের সময়ে সরকারি বাসের পরিষেবা বাড়াতে অতিরিক্ত শিফটে গাড়ি রাখার পরিকল্পনা করা হয়েছে।
একই ভাবে বেসরকারি বাসের সংখ্যাও পর্যাপ্ত রাখতে চাইছে রাজ্য। কিন্তু বাসমালিকদের একাধিক অভিযোগের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
বাসমালিক সংগঠনগুলির অভিযোগ, উৎসবের সময়ে পুলিশি ব্যবস্থাপনার জন্য অনেক সময় বেসরকারি বাস রাস্তা থেকে তুলে নেওয়া হয়। সেই বাসের জন্য নির্ধারিত ভাড়া বা ক্ষতিপূরণের টাকাও সময়মতো মেলে না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত