
কলকাতা, ৬ অক্টোবর (হি. স.) : আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মঙ্গলবার উত্তর ২৪ পরগণা জেলার বেলঘরিয়া'তে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় ট্রান্সপোর্ট কর্পোরেশন(SBSTC) - এর ডিপোয় সিএনজি স্টেশনের উদ্বোধন হল।
প্রসঙ্গতঃ পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থাকে আরও জোরদার করতে বেলঘরিয়ায় SBSTC-র বাস ডিপোয় চালু হল সিএনজি স্টেশন। মঙ্গলবার Bengal Gas Corporation Ltd (BGCL) এবং SBSTC-র যৌথ উদ্যোগে নির্মিত এই স্টেশনের উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
প্রায় ৩.২৪ কোটি টাকা ব্যয়ে তৈরি এই স্টেশন থেকে সরকারি ও বেসরকারি - দুই ধরনের যানবাহনে সিএনজি ভরা যাবে। আধুনিক পরিকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে স্টেশনটি সরাসরি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে আগামীদিনে পরিবেশ বান্ধব বাস পরিষেবা আরও সম্প্রসারিত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে SBSTC-র প্রায় ১৫০টি সিএনজি-চালিত বাস রয়েছে। আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, SBSTC-র ব্যবস্থাপনা অধিকর্তা প্রণব ঘোষ এবং BGCL-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনুপম মুখোপাধ্যায়।
এদিনের অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ রুখতে রাজ্য সরকার সবুজ শক্তির ব্যবহারে বিশেষ জোর দিচ্ছে। সেই লক্ষ্যে আগামী দিনে আরও বেশি সংখ্যক বৈদ্যুতিক ও সিএনজি-চালিত বাস রাস্তায় নামানো হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত