
কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): রঞ্জি ট্রফির (এলিট) ২০২৬-২৭ মরশুমের আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য সিনিয়র বাংলা দল ঘোষণা করল সিএবি। আগামী পর্বের ম্যাচে ঘরের মাঠে শক্তিশালী দিল্লির মুখোমুখি হতে চলেছে বাংলা। আগামী ১১ অক্টোবর কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি মাঠে শুরু হবে এই দ্বৈরথ। বুধবার ম্যাচের প্রেক্ষিতে ২৪ জনের স্কোয়াড প্রকাশ্যে আনা হয়েছে, যার মধ্যে মূল স্কোয়াডে স্থান পেয়েছেন ১৭ জন এবং স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছে ৭ জন ক্রিকেটারকে।
দলের নেতৃত্বের দায়িত্বে বহাল রয়েছেন অভিজ্ঞ ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। তাঁর ডেপুটি অর্থাৎ সহ-অধিনায়কের ভূমিকা সামলাবেন সুদীপ কুমার ঘরামি। উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন তরুণ তুর্কি অভিষেক পোড়েল ও শাকির হাবিব গান্ধী। ব্যাটিং বিভাগে ভরসা জোগাতে অভিজ্ঞ সুদীপ চ্যাটার্জির পাশাপাশি ডাক পেয়েছেন অঙ্কুর পাল, সুমন্ত গুপ্ত, অঙ্কিত শুক্লা এবং শুভম চ্যাটার্জি।
বাংলার বোলিং আক্রমণকে এই ম্যাচে অন্যতম প্রধান শক্তি হিসেবে দেখা হচ্ছে। পেস বিভাগে একসাথে স্কোয়াডে রয়েছেন মহম্মদ শামি, আকাশদীপ এবং মুকেশ কুমার। এই অভিজ্ঞ ত্রয়ীর সঙ্গে পেস আক্রমণে গভীরতা বাড়াতে রাখা হয়েছে সুরজ সিন্ধু জয়সোওয়াল ও মহম্মদ কাইফকে। ঘূর্ণি বিভাগে ভরসা জোগাবেন প্রদীপ্ত প্রামাণিক, আমীর গনি এবং তরুণ সৌম্যদীপ মন্ডল।
মূল ১৭ জনের পাশাপাশি অতিরিক্ত শক্তি হিসেবে ৭ জন ক্রিকেটারকে স্ট্যান্ড-বাই তালিকায় রাখা হয়েছে। তাঁরা হলেন করণ লাল, অখিলেশ যাদব, গীত পুরী, অভিষেক কুমার রামা, শুভম সরকার, সুমিত মোহান্ত এবং আদিত্য পুরোহিত। ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নিতে শুরু থেকেই আক্রমণাত্মক রণকৌশলে নামতে চলেছে বাংলা শিবির।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত