
মুম্বই, ৯ অক্টোবর (হি.স.) : বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগৎ। মহানায়ক অমিতাভ বচ্চনও তাঁর অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চ থেকে নানাকে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন।
নানাকে অসাধারণ শিল্পী, প্রকৃত বন্ধু এবং সমাজের প্রতি নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে বর্ণনা করে অমিতাভ বলেন, তাঁর সরলতা, সততা এবং সত্যি কথা বলার সাহস তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল। নানার আকস্মিক প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতের পাশাপাশি তাঁকে যাঁরা চিনতেন, তাঁরাও স্তম্ভিত।
শুক্রবারের অনুষ্ঠানে অমিতাভ বলেন, কিছু মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পরও নিজেদের কণ্ঠস্বর, ভালো কাজ এবং শিক্ষা দিয়ে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। নানা ছিলেন তেমনই একজন ব্যক্তিত্ব। তিনি বলেন, “নানা, আমি ব্যক্তিগতভাবে আপনাকে প্রণাম জানাই এবং সেই শিল্পকলাকে শ্রদ্ধা জানাই, যাকে আপনি এত সততার সঙ্গে জীবনে ধারণ করেছেন এবং আমাদের সকলের জন্য উৎসর্গ করেছেন।” ‘কেবিসি’-র মঞ্চে নানার আগের উপস্থিতির কথা স্মরণ করে অমিতাভ বলেন, সেই স্মরণীয় সন্ধ্যা অনুষ্ঠানটির টিমের সঙ্গে চিরকাল থেকে যাবে।
নানার সামাজিক অবদানের কথাও উল্লেখ করেন মহানায়ক। তিনি জানান, অনুষ্ঠানে জেতা অর্থ সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করে নানা সমাজসেবার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মহারাষ্ট্রের খরাপ্রবণ গ্রামগুলিতে কৃষকদের সাহায্য করার জন্য তাঁর উদ্যোগের কথা স্মরণ করে অমিতাভ বলেন, নানা সবসময় অভাবী মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। ‘কেবিসি’ পরিবারের পক্ষ থেকে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানান তিনি। অমিতাভ অনুষ্ঠানের একটি ক্লিপ এক্সে শেয়ার করে লেখেন, তিনি স্তম্ভিত। কয়েক দিন আগেও বার্তার মাধ্যমে নানার সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু এখন আর তাঁর কোনও বার্তা আসবে না।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সি নানা পাটেকরের বৃহস্পতিবার গোয়ায় নিজের বাসভবনে মৃত্যু হয়। পুণের খড়কবাসলার ডোঞ্জে ফার্মহাউসে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, বন্ধু এবং রাজনৈতিক ক্ষেত্রের বহু মানুষ। নানার প্রয়াণে ভারতীয় সিনেমা এমন এক শিল্পীকে হারাল, যাঁর অভিনয় এবং সামাজিক সংবেদনশীলতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য