
মুম্বই, ৯ অক্টোবর (হি.স.) : বলিউড অভিনেতা সলমন খান এ বার ইউটিউবেও নিজের স্বকীয় ভঙ্গিতে দর্শকদের মন জয় করতে প্রস্তুত। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজের আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেল চালুর কথা ঘোষণা করেছেন অভিনেতা। তাঁর এই পদক্ষেপে অনুরাগীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা দিয়েছে। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তাঁর চ্যানেলে ১৩ হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়ে যায়। এই চ্যানেলের মাধ্যমে অনুরাগীদের নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের ঝলক দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন সলমন।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে সলমন লিখেছেন, “শুরু থেকে শুরু করা যাক... আমার আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেল। এ থেকে জেড পর্যন্ত সব এখানে পাওয়া যাবে।” ভিডিওতে অভিনেতাকে তাঁর পরিচিত মজার ভঙ্গিতে এ থেকে জেড পর্যন্ত নানা কথা বলতে দেখা যাচ্ছে। তাঁর এই ভঙ্গি অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। অভিনেতার মতে, এই চ্যানেলে বিভিন্ন ধরনের বিষয়বস্তু দেখতে পাবেন দর্শকরা।
সলমনের আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেলের পরিচিতিতে তাঁকে চলচ্চিত্র অভিনেতা, শিল্পী, চিত্রকর এবং মানবতাবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে চ্যানেলটিতে ১০টি শর্ট ভিডিও রয়েছে। তবে অনুরাগীরা এখন তাঁর প্রথম আনুষ্ঠানিক ভ্লগ বা নতুন ভিডিওর অপেক্ষায় রয়েছেন। এই নতুন মঞ্চের মাধ্যমে সলমন কীভাবে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন এবং নিজের জীবনের কোন কোন অদেখা দিক তাঁদের সামনে তুলে ধরেন, তা দেখার বিষয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য