
ওয়াশিংটন, ৯ অক্টোবর (হি. স.): ফোর্ট হুডে গুলিকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন সেনা মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে সাধারণ মানুষ দেখতে পারবেন বলে জানিয়েছেন আমেরিকার যুদ্ধসচিব পিট হেগসেথ। বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুসারে শুক্রবার )তিনি বলেন, টেক্সাসের ওই সামরিক ঘাঁটিতেই প্রকাশ্যে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ২০০৯ সালে সেখানেই গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা এবং ৩২ জনকে আহত করেছিলেন হাসান।
জানা গেছে , আমেরিকায় গত ৯০ বছর ধরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা দেখা যায়নি। হেগসেথের বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, সেনাবাহিনী কীভাবে সাধারণ মানুষকে এই মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করার অনুমতি দেবে। বৃহস্পতিবার ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-কে হেগসেথ জানান, আগামী ৩ ডিসেম্বর টেক্সাসের কিলিনের কাছে ফোর্ট হুডে সেনাদের একটি ফায়ারিং স্কোয়াড হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করবে।
তিনি বলেন, “মানুষ যাতে এটি দেখতে পারেন, তা নিশ্চিত করা হবে। এটি প্রকাশ্য হবে। এই ধরনের ঘটনার গুরুতর পরিণতি রয়েছে, তা মানুষের বোঝা প্রয়োজন।” আরও জানা গেছে , পেন্টাগন জানিয়েছে, মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার করা হবে। তবে কোথায় এই সম্প্রচার দেখানো হবে, তা পেন্টাগন জানায়নি। হেগসেথের বক্তব্য নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে প্রতিরক্ষা দফতর।
১৯৬১ সালের পর এই প্রথম মার্কিন সেনাবাহিনী মৃত্যুদণ্ড কার্যকর করতে চলেছে। এর আগে ১৯৪৫ সালে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছিল মার্কিন সেনা। আমেরিকায় এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা অত্যন্ত বিরল।
ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, শুধু আইডাহো, মিসিসিপি, ওকলাহোমা, দক্ষিণ ক্যারোলিনা এবং ইউটাহ—এই পাঁচটি রাজ্যে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ডের অনুমতি রয়েছে। গত বছর দক্ষিণ ক্যারোলিনায় প্রথমবার এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত ১৫ বছরের মধ্যে আমেরিকায় সেটিই ছিল এই ধরনের প্রথম ঘটনা। আমেরিকায় সর্বশেষ প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ১৯৩৬ সালে। সে সময় কেন্টাকিতে রেনি বেথিয়া নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়। এক শ্বেতাঙ্গ মহিলাকে ধর্ষণের দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
হেগসেথের বক্তব্য, ফোর্ট হুডেই হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, কারণ সেখানেই তিনি প্রাণঘাতী গুলি চালিয়েছিলেন। তাঁর কথায়, রাইফেল হাতে সেনারা ফায়ারিং স্কোয়াড গঠন করবেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, হামলার সময়ের সঙ্গে মিল রেখে দুপুর ১টায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ফোর্ট হুডে ২০২৬ সালের ৩ ডিসেম্বর দুপুর ১টায় (সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম) মৃত্যুদণ্ড কার্যকরের সময় নির্ধারণ করা হয়েছে। সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, হেগসেথের সুপারিশের পর ২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যুদণ্ডে অনুমোদন দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য