
বসিরহাট, ১ নভেম্বর (হি.স.): উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে পাগলা কুকুরের কামড়ে আতঙ্ক ছড়াল এলাকায়। একটি কুকুরের আক্রমণে শনিবার রাত থেকে রবিবার বেলা ১১টা পর্যন্ত মোট ২৯ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের সারাফুল বাগবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকেই একটি কুকুর এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এবং একের পর এক পথচারী ও স্থানীয় বাসিন্দাদের কামড়াতে শুরু করে। রবিবার সকালেও কুকুরটির আক্রমণ অব্যাহত থাকে। আতঙ্কে রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ। কুকুরের কামড়ে জখম ২৯ জন ইতিমধ্যেই সারাফুল গ্রামীণ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন।
একসঙ্গে এতজন আক্রান্ত হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কুকুরটির আক্রমণ থেকে রেহাই পেতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে কুকুরটিকে আটকানোর ব্যবস্থা করুক, যাতে নতুন করে কেউ আক্রান্ত না হন। পাশাপাশি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করারও আর্জি জানিয়েছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়