
আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : মানভূম তথা বর্তমান পুরুলিয়া জেলাকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করার আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাল আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য শাখা। রবিবার আগরতলায় দলের রাজ্য কার্যালয়ের সামনে আয়োজিত এক কর্মসূচিতে মানভূম আন্দোলনের শহিদ ও আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, ১৯৫৬ সালের ১ নভেম্বর কেন্দ্রীয় সরকার মানভূম জেলাকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত কার্যকর করে। বর্তমানে এই অঞ্চল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা হিসেবে পরিচিত। ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার দাবিতে মানভূমের মানুষের দীর্ঘ আন্দোলন এবং আত্মত্যাগের ইতিহাসকে স্মরণ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা বাঙালী দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, যুগ্ম প্রচার সচিব দুলাল ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার দাস-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। তাঁরা মানভূম আন্দোলনের শহিদ ও আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন।
এদিনের কর্মসূচি থেকে দেশের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাঙালিদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বলেন, বাঙালীর ভাষা, সংস্কৃতি ও সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্নে কোনও ধরনের আপস করা উচিত নয়। দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাঙালীদের অধিকার সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
মানভূম আন্দোলনের ইতিহাস স্মরণ করে বক্তারা বলেন, ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার সংগ্রামে আত্মত্যাগকারী মানুষদের অবদান কখনও বিস্মৃত হওয়ার নয়। তাঁদের সংগ্রাম আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে। এদিনের কর্মসূচির মধ্য দিয়ে বাঙালীর অধিকার রক্ষা, ঐক্য ও আত্মপরিচয়ের প্রশ্নে দলের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ