এভারেস্ট ট্রেকিংয়ে গিয়ে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, হোটেলে আগুনে পুড়ে ছাই সর্বস্ব
বসিরহাট, ১ নভেম্বর (হি.স.): এভারেস্ট ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়লেন বসিরহাটের ২৯ জন পর্বতারোহী। নেপালের ডিংবোচে এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের জেরে তাঁদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাণে বাঁচলেও বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দ
নেপালে হোটেলে আগুন


বসিরহাট, ১ নভেম্বর (হি.স.): এভারেস্ট ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়লেন বসিরহাটের ২৯ জন পর্বতারোহী। নেপালের ডিংবোচে এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের জেরে তাঁদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাণে বাঁচলেও বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন দলের সদস্যরা। তাঁদের উদ্ধারে ভারত সরকারের কাছে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত ফিরিয়ে আনার আবেদন জানানো হয়েছে।

ট্রাভেলার্স গিল্ড নামে বসিরহাটের একটি সংস্থার উদ্যোগে গত ২১ অক্টোবর ২৯ জনের একটি পর্বতারোহী দল এভারেস্ট ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। রবিবার সংস্থার সহ-সম্পাদক সূর্য কিংকর চাকী জানান, গত ৩০ অক্টোবর দলের ১৯ জন ডিংবোচে এলাকার একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে হোটেলটিতে আগুন লেগে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তাঁরা। তবে আগুনে পুড়ে যায় তাঁদের টাকা-পয়সা, পোশাক-সহ যাবতীয় জিনিসপত্র।

বর্তমানে তাঁরা পাশের একটি হোটেলে আশ্রয় নিয়েছেন। কিন্তু বরফে ঢাকা দুর্গম পথে ফেরার মতো উপযুক্ত গরম পোশাক, জুতো ও প্রয়োজনীয় সরঞ্জাম তাঁদের হাতে নেই। আর্থিকভাবেও তাঁরা অসহায় হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দ্রুত হেলিকপ্টারে তাঁদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন পর্বতারোহীরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande