
ব্যারাকপুর, ১ নভেম্বর (হি.স.): ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ের বাবুনপুর এলাকায় মোহনপুর থানার কাছে দুটি চারচাকা গাড়ি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিনজন। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন শ্যামনগরের ২৪ বছর বয়সি বাইক আরোহী তন্ময় দাস, ২১ বছর বয়সি সৌরাংশু মিশ্র এবং ২৪ বছর বয়সি অভ্রদীপ মণ্ডল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
রবিবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে বিপরীত দিক থেকে আসা দুটি চারচাকা গাড়ির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনজন গুরুতর আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তন্ময় দাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
অন্যদিকে, আহত দুই গাড়িচালকের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে ভর্তি রাখা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ব্যারাকপুর ট্রাফিক গার্ডের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়