
জঙ্গিপুর, ১ নভেম্বর (হি.স.): বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সীমান্তবর্তী এলাকা থেকে ৩০ লক্ষ টাকা-সহ এক যুবককে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম আসিফ রহমান (৩৩)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি বিশ্বাসপাড়ায়। ধৃতের কাছ থেকে নগদ টাকা ছাড়াও একটি স্কুটি ও দু’টি স্মার্টফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিট নাগাদ অ্যাপেক্স বাঁধ সংলগ্ন এলাকায় স্কুটিতে যাওয়া আসিফকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ায় তল্লাশি চালানো হয়। তাঁর ব্যাগ থেকে ৫০০ ও ১০০ টাকার নোটে মোট ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক জবাব ও প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়।
জঙ্গিপুরের এসডিপিও লক্ষ্মণ প্রতাপ চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে অনুমান, চুরি করা সামগ্রী বিক্রির টাকা বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল ধৃতের। তবে কোন চুরির ঘটনার সঙ্গে এই টাকার যোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কয়েক দিন আগে এলাকায় ৬৫ লক্ষ টাকা উদ্ধারের ঘটনার সঙ্গেও বর্তমান ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তদন্ত করে দেখছে পুলিশ।
ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়